এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এপ্রিলের বেতন নিয়ে জরুরি নির্দেশনা
প্রকাশিত : ০৯:৫২, ২৩ এপ্রিল ২০২৬
দেশের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এপ্রিল-২০২৬ মাসের এমপিও’র অর্থ ইএফটিতে প্রেরণের লক্ষ্যে আগামী ২৪ এপ্রিলের মধ্যে অনলাইনে বিল দাখিল করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত এক আদেশে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে এই নির্দেশনা দেওয়া হয়।
আদেশে বলা হয়েছে, শিক্ষক-কর্মচারীদের এমপিও’র অর্থ সরাসরি ব্যাংক হিসাবে পাঠানো হবে। এ লক্ষ্যে আগস্ট-২০২৫ থেকে অনলাইনে বিল সাবমিট ব্যবস্থা চালু করা হয়েছে।
প্রতিষ্ঠান প্রধানদেরকে তাদের ইএমআইএস সিস্টেমের নির্দিষ্ট আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ‘এমপিও-ইএফটি’ মডিউলের মাধ্যমে এই বিল দাখিল করতে বলা হয়েছে।
শিক্ষক-কর্মচারীদের বিধি মোতাবেক প্রাপ্য অর্থ সঠিকভাবে নির্ধারণ করে এই বিল সাবমিট করতে হবে।
আদেশে আরও বলা হয়েছে, কোনও শিক্ষক-কর্মচারী মৃত্যুবরণ করলে, পদত্যাগ করলে কিংবা সাময়িক বরখাস্ত বা অনুমোদনহীন অনুপস্থিতির কারণে বেতন কর্তনের প্রয়োজন হলে প্রতিষ্ঠান প্রধানকে বিল সাবমিট অপশনে তা উল্লেখ করতে হবে।
এ ছাড়া, যারা অবসর বা অন্য কারণে নিয়মিত বেতন প্রাপ্য নন কিন্তু বকেয়া অনুমোদিত হয়েছে, তাদের ক্ষেত্রে ‘আংশিক পেমেন্ট’ অপশন ব্যবহার করতে হবে।
মাউশি জানিয়েছে, ইএফটি-তে অর্থ পাঠানোর ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের দেওয়া তথ্যই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। ভুল তথ্যের কারণে কোনও জটিলতা তৈরি হলে বা অতিরিক্ত অর্থ প্রেরিত হলে, তার দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে।
মাউশি জানিয়েছে, শুধুমাত্র ‘আইবাস++’ পদ্ধতিতে যাচাইকৃত ও সঠিক তথ্য সম্বলিত জনবলের তথ্যই বিল সাবমিট অপশনে যুক্ত হয়েছে।
যাদের তথ্য এখও ভুল আছে, তাদের তথ্য যাচাই সাপেক্ষে পরবর্তীতে এই প্রক্রিয়ায় যুক্ত করা হবে।
এএইচ
আরও পড়ুন










